নরসিংদীর রায়পুরায় অরক্ষিত হাসনাবাদ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহতরা হলেন— রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর এলাকার ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) এবং একই এলাকার মন্নাফ মিয়া (৪৮)। বাচ্চু মিয়া মৃত আব্দুল কাদিরের ছেলে ও মন্নাফ মিয়া কলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত একটি ইজিবাইক একজন যাত্রী নিয়ে হাসনাবাদ রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রেন এসে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ইজিবাইকটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক বাচ্চু মিয়া ও যাত্রী মন্নাফ মিয়া প্রাণ হারান।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।










