পাইকারি বাজারে ডিমের দাম স্থিতিশীল থাকলেও এক সপ্তাহের ব্যবধানে কেজিতে
১০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। আগের দরেই বিক্রি হচ্ছে খাসি ও গরুর মাংস।
আজ শনিবার (৩১ আগস্ট) রাজধানীর কাওরান বাজার
ঘুরে দেখা গেছে, পাইকারিতে ডিমের দাম স্থিতিশীল রয়েছে। তবে খুচরা বাজারে এক সপ্তাহের
ব্যবধানে হালিতে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম।
বাজার ঘুরে দেখা গেছে এক হালি লাল ডিম ৫০
টাকা দরে বিক্রি হচ্ছে। সাদা ডিম ২ টাকা কমে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন,
গত এক সপ্তাহ ধরে পাইকারিতে ডিমের দাম তেমন একটা বাড়েনি। তবে খুচরা পর্যায়ে কোথাও কোথাও
ডিমের দাম বেড়েছে।
আজ বাজারে সাদা মুরগি বিক্রি হয়েছে ১৬৫ টাকা
কেজি দরে। গত সপ্তাহে একই মুরগি বিক্রি হয়েছে ১৬০ টাকা কেজিতে। সোনালি ও লেয়ার মুরগিও
গত সপ্তাহের চেয়ে ৩০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি ৩০০ টাকা এবং সোনালি
মুরগি ২৭০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা মো. রাসেল
বলেন, গত সপ্তাহের মুরগির দাম কিছুটা কমেছিল, তবে এ সপ্তাহে বেড়েছে। দোকান ভেদে ১০
থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে এসব মুরগি।
তবে গরু ও খাসির মাংস আগের দামে বিক্রি হচ্ছে
বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ এক কেজি গরুর দাম ৭৩০ টাকা এবং খাসির মাংস এক হাজার একশ
টাকা দরে বিক্রি হচ্ছে।










