ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক এবং বাংলাদেশ সাসটেইনেবিলিটি অ্যালায়েন্স (বিএসএ) যৌথভাবে "নেট জিরো প্রজেক্ট এবং প্লাস্টিক-ফ্রি জিরো-ওয়েস্ট ক্যাম্পাস" উদ্যোগ শুরু করেছে। সোমবার, ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এ উদ্যোগের যাত্রা শুরু হয়।

এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিকে প্লাস্টিকমুক্ত এবং শূন্য বর্জ্য ক্যাম্পাসে পরিণত করা। এর জন্য ব্র্যাক ইউনিভার্সিটি উন্নত রিসাইক্লিং ব্যবস্থা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে। প্লাস্টিক দূষণ কমাতে বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ সাসটেইনেবিলিটি অ্যালায়েন্স কাজ করছে।

২০২৩ সালের নভেম্বরে গঠিত এ প্ল্যাটফর্মে ব্র্যাক, ইউনিলিভার, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, প্রাণ-আরএফএল গ্রুপ ও মেরিকো বাংলাদেশের মতো প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার এবং ব্র্যাকের জলবায়ু পরিবর্তন, নগর উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক ড. মো. লিয়াকত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি তার বক্তব্যে ব্র্যাক ইউনিভার্সিটির এই উদ্যোগের প্রশংসা করেন এবং এটি পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি উচ্চশিক্ষার একটি নতুন ধারণা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যার কেন্দ্রবিন্দুতে থাকবে টেকসই উন্নয়ন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন সম্পর্কিত পদক্ষেপগুলোর বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। এছাড়া, টুগেদার টুওয়ার্ডস অ্যা জিরো ওয়েস্ট ক্যাম্পাস শীর্ষক বক্তব্য দেন বাংলাদেশ সাসটেইনেবিলিটি অ্যালায়েন্সের প্রধান সমন্বয়ক সংকলিতা সোম।- বিজ্ঞপ্তি