নরসিংদীর হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকায় ট্রেনে কাটা পড়ে আবদুল হামিদ খান (৩৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল হামিদ নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিভিন্ন বাসায় ছাত্রছাত্রীদের টিউশনি করাতেন।

নিহতের স্বজন ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাদুয়ারচরের একটি বাসায় টিউশনি করতে যাচ্ছিলেন আবদুল হামিদ। সকাল ৮টার দিকে গেটবাজার এলাকায় অসতর্কভাবে রেললাইনে হাঁটার সময় চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতী ট্রেনের নিচে পড়েন তিনি। শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা বিষয়টি নরসিংদী রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম বলেন, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে আবদুল হামিদ খান নামের এক ব্যক্তি মারা গেছেন। তার পরিবার অভিযোগ না থাকার কথা জানিয়েছে। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।