বাংলাদেশে বিনিয়োগ এবং উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরে চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করবেন বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল হয়েছে। তিনি বলেন, আলোচনা ছিল উষ্ণতাপূর্ণ এবং অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ। প্রেসিডেন্ট শি প্রধান উপদেষ্টা ও তার সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

শফিকুল আলম উল্লেখ করেন, এটি অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর এবং বলা যায় এ পর্যন্ত সফরটি অত্যন্ত সফল হয়েছে।

বৈঠকে দুই দেশের সরকারপ্রধানের আলোচনার বিষয় নিয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশ যে সব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছে, চীন সেসব বিষয় ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে। এর মধ্যে ছিল চীনের ঋণের সুদের হার হ্রাস এবং পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা প্রদান।

শফিকুল আলম জানান, প্রেসিডেন্ট শি তার দুইবারের বাংলাদেশ সফর সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেছেন, যখন তিনি ফুজিয়ান প্রদেশের গভর্নর ছিলেন, তখন ক্ষুদ্রঋণ সম্পর্কে পড়াশোনা করেছিলেন। তিনি আরও বলেন, তিনি বাংলাদেশি আম ও কাঁঠাল দেখেছেন এবং সেগুলো খুব সুস্বাদু।

শফিকুল আলম জানান, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ থেকে এ দুই ফল বড় পরিসরে চীনে রফতানি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।