ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল এলাকায় একতা পরিবহনের বাসের চাপায় তাহাজ্জদ হোসেন (৪০) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহাজ্জদ দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মালিখিল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও দাউদকান্দি হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, তাহাজ্জদ হোসেন রংমিস্ত্রির কাজ শেষে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় কুমিল্লা থেকে হোমনাগামী একতা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ বলেন, একতা পরিবহনের বাসচাপায় এক রংমিস্ত্রি নিহত হয়েছেন। বাসের চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।










