লক্ষ্মীপুরে দ্রুতগামী ড্রাম ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে এলে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় ভিডিও ধারণ করতে গিয়ে দুই টিভি ক্যামেরাম্যানও হামলার শিকার হন।

আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট-ভোলা-বরিশাল সড়কের কালিরচর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন— সদর উপজেলার টুমচর ইউনিয়নের জগৎবাড়ী গ্রামের আনোয়ার হোসেন (৪৫) ও চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মুরাদ হোসেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে চর আলী হাসান থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে মজুচৌধুরী হাট সড়কে প্রবেশ করার সময় দ্রুতগতির বালুভর্তি একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী মুরাদ হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আনোয়ার ও আরেক যাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে আনোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে। তারা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে এলে উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলামকে লাঞ্ছিত করা হয়। এছাড়া ড্রাম ট্রাক ভাংচুরের ভিডিও ধারণ করতে গেলে বিক্ষুব্ধ জনতা দুই টিভি ক্যামেরাম্যান সুমন ও আকাশের ওপর হামলা চালায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।