ঘন কুয়াশায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এছাড়া পাঁচ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিসির ডিজিএম নাসির চৌধুরী জানান, মধ্য রাত থেকে আরিচা-কাজিরহাট নৌপথে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত সাড়ে তিনটায় কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে চ্যানেলের বিকন বাতিসহ নৌ চ্যানেল অস্পষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে শাহ আলী ও কৃষাণী নামে দুইটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে। সকাল সাড়ে ৯টায় ঘন কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়।

এছাড়া ভোর সাড়ে ৪টায় ঘন কুয়াশার তীব্রতায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে বনলতা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামে তিনটি ফেরি। এছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে মোট ৮টি ফেরি আটকে রাখা হয়।

সকাল সাড়ে ৯টায় কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয়ঘাটে তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে পড়ে। এদের মধ্যে বেশিরভাগ পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকার, মাইক্রোবাস। কুয়াশা কেটে যাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলোকে পারাপার করা হয়। পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।