আন্তর্জাতিক আইন না মেনে জয়পুরহাটের পাঁচবিবির উচনা ঘুনাপাড়া ২৮১ পিলিয়ার এলাকায় ভারত সীমান্তের কিছু অংশে বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। বিজিবি খবর পেয়ে কাজ বন্ধ করে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।

বিজিবি ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে বাশ দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ চেষ্টা করে। এলাকাবাসী দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে বিজিবির হস্তক্ষেপে তারা কাজ বন্ধ করেছিল। এরপর বিকালে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।

এ ব্যাপারে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, বিজিবির হাটখোলা ক্যাম কমান্ডারের সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ তাদের বেড়া তুলে নিয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন। আর বেড়া করবেন না জানিয়েছেন। এছাড়াও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে লিখিত প্রতিবাদ পাঠানো হচ্ছে।