নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া-সেকচিলান আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন কিশোর বন্ধু ছিলেন।

নিহতরা হলেন— ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন কিশোর একটি মোটরসাইকেলে করে ধলা গ্রামের দিকে যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে স্থানীয়রা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।