নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হকের স্থলাভিষিক্ত হলেন। গতকাল কারা সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান বণিক বার্তাকে বলেন, ‘কারা মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ২১তম মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। আর সাবেক কারা মহাপরিদর্শক এএসএম আনিসুল হককে সেনা সদর দপ্তরে ফিরিয়ে নেয়া হয়েছে।’

ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর ৩১তম বিএমএ লং কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন এবং বিভিন্ন কমান্ড, স্টাফ ও ইনস্ট্রাকশনাল অ্যাপয়েন্টমেন্টে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিপসট) ও স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) দায়িত্ব পালন করেন। ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের শান্তিরক্ষা কার্যক্রমে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ইউএনএমআইএসএসে বাংলাদেশ ব্যাটালিয়নকেও নেতৃত্ব দেন।