ব্যাংকিং খাত নিয়ন্ত্রণের জন্য অর্থ মন্ত্রণালয়ে বিদ্যমান আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলোপের দাবি জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের জন্য হুমকি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এখান থেকে তদবির বাণিজ্য হয়। ব্যাংকের সকল অনিয়ম এখান থেকে পরিচালিত হয়। তাই এই বিভাগ রাখার কোনো প্রয়োজনীয়তা নাই। একই সঙ্গে ব্যাংকিং কমিশন, শেয়ার বাজার এবং বীমা খাতের জন্য আলাদা কমিশনের মাধ্যমে সংস্কার দাবি করেন তিনি।

আজ সোমবার (১২ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয়’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ড. ফাহমিদা খাতুন বলেন, তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে। এগুলো বন্ধ করে দেয়া উচিত। আবার কিছু কিছু ব্যাংক মরে যাওয়ার উপক্রম হয়েছে। মরে যাওয়ার উপক্রম হওয়া ব্যাংকগুলো চালানোর ইচ্ছা থাকলে পরিচালনা পর্ষদ পুর্নগঠন করতে হবে।

এ সময় সিপিডির অনারারি ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ অন্যরা উপস্থিত ছিলেন।