ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া পুলিশের আরো ৫৬৮ অস্ত্র উদ্ধার হয়েছে। এ পর্যন্ত সবমিলে মোট উদ্ধার হওয়া অস্ত্রসংখ্যা ৩ হাজার ৮৭২। গতকাল শনিবার (৩১ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত লুট হওয়া তিন হাজার ৮৭২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলি উদ্ধার করা হয়েছে দুই লাখ ৮৬ হাজার ২১৬ রাউন্ড। এছাড়া ২২ হাজার ২০১টি টিয়ার শেল এবং ২ হাজার ১৩৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশে বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অনেক থানা থেকে অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় উচ্ছৃঙ্খল জনতা। সেসব অস্ত্র উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী।
কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেয়ার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।










