রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আজ (১১ আগস্ট) রোববার সকালে গুলির ঘটনা ঘটেছে। এতে ব্যাংকটির অন্তত পাঁচ কর্মকর্তা-কর্মচারী গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০১৬ সালে ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়। এরপর থেকে ব্যাংকটিতে ৭-৮ হাজার কর্মকর্তা-কর্মচারী নতুন করে নিয়োগ দেয়া হয়েছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদচ্যুত হওয়ার পর থেকে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীর বেশিরভাগকে ব্যাংকে ঢুকতে দেয়া হচ্ছিল না।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীসহ শতাধিক লোক এক যোগে ব্যাংকটির প্রধান কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে। এসময় ব্যাংকের পুরনো কর্মীরা তাদের বাধা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নতুন কর্মী ও বহিরাগতদের দিক থেকে গুলি ছোড়া হয়।
গুলিবিদ্ধ আহত ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা হলেন—আব্দুর রহমান, বাকি বিল্লাহ, শফিউল্লাহ, মামুন, রবিউল প্রমুখ। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
সংঘর্ষে ইসলামী ব্যাংকের পুরনো কর্মীদের ধাওয়া খেয়ে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মী ও বহিরাগতরা পিছু হটে। দিলকুশা রোডসহ মতিঝিলের পরিস্থিতি এখনো থমথমে। সেখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।










