দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের বিভিন্ন অভিযোগে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ পাঁচ এমপিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার তাদের দুদকের প্রধান কার্যালয়ে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুদক সূত্র বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানিয়েছে, সম্প্রতি সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনসন্ধান শুরু করেছে দুদক। তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে তলব করা হয়েছে।
আজ মঙ্গলবার সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ অনেকের হাজির হওয়ার দিন নির্ধারিত ছিল। কিন্তু, তারা আসেননি।
আগামীকাল বুধবার সাবেক সংসদ সদস্য কাজীম উদ্দিন, জিয়াউর রহমান, কামরুল ইসলাম, নুর ই আলম চৌধুরী ও কুজেন্দ্র লাল ত্রিপুরাকে দুদকে হাজির থাকতে বলা হয়েছে। গত ২৯ আগস্ট তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এই অনুসন্ধান দলের সদস্য হিসেবে সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়াও রয়েছেন।










