পুঁজিবাজারে বিগত সময়ের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করার জন্য গতকাল পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটিতে পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এমন ব্যক্তিদেরও রাখা হয়েছে। ফলে কমিটির দায়িত্ব পালনের সময় স্বার্থগত দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গতকাল বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১৮তম জরুরি কমিশন সভা অনুষ্ঠিত হয়। এ সভায় পুঁজিবাজারের স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বিগত সময়ের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্তের জন্য পাঁচ ব্যক্তির সমন্বয়ে একটি ‘অনুসন্ধান ও তদন্ত কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ কমিটির নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কনসালট্যান্ট এবং ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান ড. জিয়া উদ্দিন আহমেদ। কমিটির বাকি চার সদস্যের মধ্যে রয়েছেন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. শফিকুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. জিশান হায়দার এবং বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এ কমিটিকে প্রথম ধাপে ১২টি বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করে ৬০ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিশন প্রয়োজনবোধে অনুসন্ধান ও তদন্ত কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিশন অনুসন্ধান ও তদন্ত কমিটিকে প্রয়োজনীয় সহায়তা দেবে।

কমিটি যেসব বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করবে তার মধ্যে রয়েছে বেক্সিমকোর গ্রিন সুকুক, আইএফআইসি গ্যারান্টেড শেরপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি লিমিটেডের অনুমোদন/মনোনয়ন, শেয়ার বরাদ্দকরণ/শেয়ার অধিগ্রহণ ও মূল্য নির্ধারণসংক্রান্ত যাবতীয় বিষয়, বেস্ট হোল্ডিংস লিমিটেড সংক্রান্ত আইপিও অনুমোদন ও ইস্যু সংক্রান্ত যাবতীয় বিষয়, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, রিং শাইন টেক্সটাইল লিমিটেড, একমি পেস্টিসাইডস লিমিটেড, কোয়েস্ট বিডিসি লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজি, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার অধিগ্রহণ/হস্তান্তর, মূল্যসংবেদনশীল তথ্য সরবরাহ, সেকেন্ডারি মার্কেটে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং এ-সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজি।