বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহম্মেদ (১৬) নামে এক কিশোর হত্যার অভিযোগের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ রিমান্ডের আদেশ দেন। খবর বাসস। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি কর্মী হৃদয় আহম্মেদকে (১৬) গুলি করে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর মো. সাদেক আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।  গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে দিলীপ কুমার আগরওয়ালকে আটক করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।