জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কাস্টমস
কমিশনার মো. মতিউর রহমান ও তার পরিবারকে সম্পদ বিবরণী দাখিলের জন্য আরো ১৫ কর্মদিবস
সময় দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১১ আগস্ট) তাকে এই সময় দেয়ার কথা
দুদক সূত্রে জানা গেছে।
দুদক সূত্র বণিক বার্তাকে জানিয়েছে, কমিশন
আজ এই অনুমোদন দিয়েছে। যদিও কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার আজও অফিস করেননি। চেয়ারম্যানের
বাসায় ফাইল নিয়ে গেলে দুই কমিশনার ও চেয়ারম্যান তাতে অনুমোদন দেন। নিরাপত্তা সংকটে
তারা অফিস করছেন না বলে বলা হচ্ছে। আগামীকাল সোমবার থেকে তারা অফিস করবেন বলে চেয়ারম্যান
দপ্তর সূত্রে জানা যায়।
নিজের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো প্রকার
অবসরোত্তর আর্থিক সুবিধা না নেয়ার শর্তে স্বেচ্ছা অবসর পান ছাগলকাণ্ডে আলোচিত মো. মতিউর
রহমান। গত ৩১ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (শুল্ক-১ শাখা) থেকে
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
গত কোরবানির ঈদের সময় সাদিক অ্যাগ্রো থেকে
মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনলে আলোচনায় আসেন কাস্টমস
কমিশনার মো. মতিউর রহমান। অবশ্য তাৎক্ষণিকভাবে মতিউর রহমান অস্বীকার করেন যে ইফাত তার
ছেলে নয়। যার খবর গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর এই নিয়ে সারা
দেশে সমালোচনার ঝড় বয়ে যায়।
মতিউর রহমান ১১তম বিসিএসে কাস্টমস ক্যাডার
হিসেবে যোগদান করেন।










