গাইবান্ধায় কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা শামিকুল ইসলাম লিপন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
গাইবান্ধা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে লিপন গাইবান্ধা সদরের একটি রাজনৈতিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে আসার সময় থেকেই তিনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। এর আগে একবার অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হয় এবং সুস্থ হয়ে কারাগারে ফেরেন।
গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, শনিবার রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাতে তিনি মারা যান।










