চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আজ শুক্রবার (২৮ মার্চ) বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের বরাতে বাসস জানিয়েছে, এদিন সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এরপর সকাল পৌনে ১২টায় চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেবেন। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বিনিয়োগ আকর্ষণ করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

একই ভেন্যুতে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও তিন শূন্যের বিশ্ব- এ তিন বিষয়ের ওপর তিনটি পৃথক গোলটেবিল আলোচনায়ও যোগ দেবেন তিনি।

এদিন প্রধান উপদেষ্টা চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।