ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দলের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত ১৫ বছর (২০০৯-২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন এবং এ সময় শিক্ষক নিয়োগে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার একটি বিবরণ তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় ঢাবির স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে এ সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে আহ্বায়ক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং ইতিহাস বিভাগের অধ্যাপক এম এ কাউসারকে সদস্য করে কমিটিটি গঠন করা হয়।

উক্ত কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের ইউনিটসমূহের আহ্বায়কদের সহযোগিতায় আগামী ১ মাসের মধ্যে একটি রিপোর্ট তৈরি করে সাদা দল কেন্দ্রীয় কমিটিতে উপস্থাপন করবে। কেন্দ্রীয় কমিটি রিপোর্টটি চূড়ান্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দিবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাবে। সাদা দলের সমর্থক শিক্ষকসহ সংশ্লিষ্টদের উক্ত কমিটিকে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতার জন্য সাদা দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।