সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৪ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আকতারুল ইসলাম জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি দুর্নীতির মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ ১০০ কোটি বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ করেছেন। মিরপুর ডিওএইচএসে একটি বাড়ি ও ঢাকার নিকুঞ্জ-১ এর ৬ নম্বর রোডে আজিজ রেসিডেন্স নামে আরেকটি বাড়ি রয়েছে। তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও জোসেফের নামে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েকশ বিঘা জমি ক্রয় করেছেন। এছাড়াও দেশে-বিদেশে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। যে কারণে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।