তিন বছরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির দাম না বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কোম্পানি সামিট পাওয়ার ও ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিলের দাবি জানিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। জ্বালানি খাতের উন্নয়নে এ সরকারকে অন্তত তিন বছর দায়িত্বে থাকা দরকার বলেও মনে করে সংগঠনটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জ্বালানি খাত সংস্কার চাই: ক্যাব’ শীর্ষক সংবাদ সম্মেলনে গতকাল এসব দাবি তুলে ধরেন সংগঠনের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম।
তিনি বলেন, ‘জ্বালানি খাতের “লুণ্ঠনমূলক ব্যয়” পরিহার করতে না পারলে ভোক্তা তার জ্বালানি অধিকার থেকে বঞ্চিত হবে। বিগত সরকার জ্বালানি খাতে যে অলিগার্ক করে গেছে, বর্তমানে যারা এখনো জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে, তারাও সেই অলিগার্ক গ্রুপেরই লোক। তাই জ্বালানি খাতের উন্নয়নে সেই অলিগার্কদের দ্রুত সরিয়ে দিতে হবে।’
অন্তত তিন বছরের মধ্যে বিদ্যুৎ-জ্বালানির দাম না বাড়ানোর আহ্বানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এজন্য (জ্বালানি খাতের উন্নয়নের জন্য) বর্তমান সরকারকে দুই/তিন বছর থাকতে হবে। আর জ্বালানি খাত থেকে “লুণ্ঠনমূলক ব্যয়” পরিহার করতে চাইলে সামিট-আদানির মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি বাতিল করতে হবে।’










