শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনা আগে আগে থেকেই জানতেন বলে দাবি করেছে কানাডার সংবাদপত্র দ্য গ্লোব অ্যান্ড মেল। তবে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে মোদি জড়িত, এমন কোনো তথ্যপ্রমাণ সে দেশের গোয়েন্দাদের কাছে নেই বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। যদিও এই খবরকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।

সংবাদপত্রটির দাবি, নিজ্জর হত্যার ষড়যন্ত্র করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ষড়যন্ত্রের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জানানো হয়। তাই কানাডার গোয়েন্দারা মনে করেন, মোদিকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত শাহ, জয়শঙ্কর ও দোভাল নেবেন না। তবে মোদি এই হত্যার ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত, এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই।

তবে এ অভিযোগ ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেন, এমন ধরনের ভিত্তিহীন মন্তব্য অবহেলার সঙ্গে খারিজ করা উচিত। এ ধরনের হাস্যকর অভিযোগ দ্বিপক্ষীয় সম্পর্কের আরও অবনতি ঘটাবে।

মাত্র কয়েক দিন আগেই কানাডা সরকার জানায়, ভারতীয় হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ মিত্র অমিত শাহ তাদের দেশে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে হামলার পরিকল্পনার পেছনে রয়েছেন। কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে হামলা ও ভীতি প্রদর্শনের পেছনে অমিত শাহ রয়েছেন, এমন খবর প্রথমে সামনে আনে ওয়াশিংটন পোস্ট। সংবাদপত্রটি জানায়, কানাডার কর্মকর্তারা অভিযোগ করেছেন যে তিনি এসব ঘটনের পেছেনে রয়েছেন।