চিকিৎসকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসে
কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আজ রোববার (১ সেপ্টেম্বর)
বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের সঙ্গে বৈঠকে
এ সিদ্ধান্ত নেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের কর্মসূচি আগামীকাল সোমবার (২ সেপ্টেম্বর)
রাত ৮টা পর্যন্ত কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেয়া হয়। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের
আশ্বাসের পর চিকিৎসকরা এ কথা জানান। তবে এই স্থগিতাদেশ শুধু মাত্র জরুরি সেবার জন্য।
এর আগে হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের
সঙ্গে আলোচনা করতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। ঢামেক
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আসাদুজ্জামানের কক্ষে এ বৈঠকে বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহও ছিলেন।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (৩১ আগস্ট) রাতে তিন
দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। এরপর রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্য
চিকিৎসকরাও তাদের কর্মবিরতিতে সংহতি জানালে রোববার সকাল থেকে হাসপাতালের সব বিভাগে
চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও চিকিৎসকরা কর্মবিরতিতে
গেলে দুর্ভোগে পড়েন রোগীরা। হামলাকারীদের আটক ও শাস্তির পাশাপাশি সারা দেশে চিকিৎসক
ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ দুই দফা দাবি জানানো হয়। দাবি পূরণের আশ্বাস না
মেলায় দুপুরে সারা দেশে সব চিকিৎসাকেন্দ্রে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে ছয় দফা দাবি
জানানো হয়।










