মুন্সিগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে আলহাজ শেখ আব্দুল্লাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। ৩ নভেম্বর দলীয় প্রার্থীর তালিকা ঘোষণা করে দলটি। শেখ আব্দুল্লা জেলা বিএনপির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। আসনটিতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন দলের একাংশের নেতাকর্মীরা। এ দাবিতে গতকাল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সমর্থকরা। এতে অল্প কিছু সময় ব্যস্ততম এ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা।
এর আগে বেলা ১১টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় দলীয় মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী ও ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন একই মঞ্চে এসে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। সমাবেশ শেষে বেলা ১টার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় অবস্থান নেন। এ সময় সড়কে বসে থেকে বিক্ষোভ করেন তারা। পরে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর তৎপরতায় মহাসড়ক থেকে সরে দাঁড়ান বিক্ষুব্ধরা। প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে।
দলীয় নেতাকর্মীরা জানান, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন হামলা-মামলার শিকার হয়েছেন এবং দলের নেতাকর্মীদের বিপদে পাশে ছিলেন, এমন নেতারা মুন্সিগঞ্জ-১ আসনে মনোনয়নবঞ্চিত হয়েছেন। এ কারণে আসনটিতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা।
পুলিশ জানায়, বিএনপির কিছু নেতাকর্মী এক্সপ্রেসওয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন। প্রশাসন ও দলীয় মনোনয়নপ্রত্যাশীদের অনুরোধে এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেন নেতাকর্মীরা।
শ্রীনগর থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করার চেষ্টা করে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।










