রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পদ নন, তারা সবার—বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, শিল্পী ও ক্রীড়াবিদদের জোর করে রাজনীতিতে টেনে আনার কারণে দেশের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।
আজ সোমবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ঐতিহ্য প্রকাশনীর আয়োজনে সাংবাদিক ও কবি এহ্সান মাহমুদের ‘আদিবাসী প্রেমিকার মুখ’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের কাজ হলো এমন প্রতিষ্ঠান গড়ে তোলা, যা মানুষকে সেবা দেবে। কিন্তু গত ১৭ বছরে সংস্কৃতিকে কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে।
পাহাড়ি ও সমতলের বৈচিত্র্যময় সংস্কৃতিকে একীভূত করে বিশ্ব দরবারে দেশের পরিচয় তুলে ধরার ওপর জোর দিয়ে তিনি বলেন, সংস্কৃতি মানে শুধু গান-বাজনা নয়, এটি আমাদের কথা বলা, পোশাক ও জীবনযাত্রার প্রতিফলন। তিনি পাহাড়ের মানুষের সম-অধিকার নিশ্চিতে সরকারের নেয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা উল্লেখ করেন।
কবি এহ্সান মাহমুদ জানান, ২০১৬ সালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে কর্মরত থাকার সময় পাহাড়ের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ অভিজ্ঞতা থেকেই বইটির ভাবনা তৈরি হয়। তিনি বলেন, ‘আদিবাসী প্রেমিকার মুখ’ কেবল একটি কাব্যগ্রন্থ নয়, এটি সমকালীন বাংলাদেশে সমঅধিকার ও মর্যাদার সংগ্রামের অংশ।
এতে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, গবেষক পাভেল পার্থ, ঐতিহ্য প্রকাশনীর প্রধান নিবার্হী আরিফুর রহমান নাঈম, অধিকারকর্মী মেইনথিন প্রমিলা ও গবেষক আলমগীর মোহাম্মদ ছিলেন।










