দেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯-এ। এখনো পানিবন্দি ৬ লাখ ৯৬ হাজার ৯৯৫ পরিবার। মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ফেনীতে। এ জেলায় মৃত্যু হয়েছে ২৩ জনের। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪ লাখের বেশি।

গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে বর্তমানে ৬৮টি উপজেলা বন্যাকবলিত অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৫০৪। আর ১১ জেলায় অন্তত ৬ লাখ ৯৬ হাজার ৯৯৫ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪ লাখ ৫৭ হাজার ৭০২। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ আগস্ট থেকে গতকাল দুপুর পর্যন্ত বন্যায় দেশের নয় জেলায় ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ছয় নারী ও ১২ শিশু রয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফেনীতে; ২৩ জন। এরপর রয়েছে কুমিল্লা। এ জেলায় বন্যায় প্রাণ গেছে ১৪ জনের। এছাড়া নোয়াখালীতে নয়, চট্টগ্রামে ছয়, কক্সবাজারে তিন এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে একজন মারা গেছেন।