রাজধানীর শাহবাগ মোড়ে দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার মানুষ। দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ভাংচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল বেলা ২টা থেকে প্রতিবাদী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা শাহবাগে জড়ো হতে থাকে। হিন্দুদের ওপর নিপীড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে টানা আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা। 

‘সেভ দ্য হিন্দুস’, ‘আমার ভাই মরল কেন—জবাব চাই’, ‘আমার মন্দির—আমার বাড়ি লুটপাট কেন? জবাব চাই—জবাব চাই’ এ ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে উপস্থিত বিক্ষোভকারীরা প্রতিবাদ জানান। স্লোগানের পাশাপাশি বিক্ষিপ্তভাবে তারা বক্তৃতা করতে থাকেন। দুপুরের আগ থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা।

শাহবাগ মোড়ের চারপাশে হাজার হাজার মানুষ স্লোগানে প্রকম্পিত করে তোলেন। এক পর্যায়ে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা বলেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে মন্দির, প্রতীমা, হিন্দুদের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। তাদের দেশত্যাগের হুমকি দেয়া হয়। রাতের আঁধারে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। বিগত দিনে হওয়া হিন্দু নির্যাতনের কোনো বিচার না হওয়ায় নির্দ্বিধায় এ নারকীয় কর্মকাণ্ড চলে। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’