দেশের বিভিন্ন জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জন। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে পুরুষ ৪৫ জন, মহিলা ৭ জন এবং শিশু ১৯ জন।
আজ দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যায় ৭১ জন মৃতের মধ্যে কুমিল্লায় ১৯, ফেনীতে ২৮, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ এবং মৌলভীবাজারে ১ জন। নিখোঁজের সংখ্যা ১ জন (মৌলভীবাজার)।
বন্যায় প্লাবিত হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের ৬৮টি উপজেলা।
এখনো ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার পানিবন্দি হয়ে আছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫১ লাখ ৮ হাজারের বেশি। ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয়ের জন্য ৩ হাজার ৬১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এগুলোয় ৩ লাখ ৬ হাজারের বেশি মানুষকে আশ্রয় দেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেয়ার জন্য ৪৬৯টি মেডিকেল টিম চালু রয়েছে। এছাড়া, দেশের সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলেও জানানো হয়।










