চারদিনের দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস। আজ রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দরে তাকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান।

বিদায়ের আগে সকালে মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

চারদিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। সেখানে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন প্রধান উপদেষ্টা এবং তিনি।

তৃতীয় দিন শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ও পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এদিন বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি। এরপর অংশ নেন ইফতার ও আর্লি ডিনার সেশনে।

এ সময় বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন গুতেরেস। পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি।