শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ,
তার স্ত্রী রুখমিলা জামানসহ এ দম্পতির সন্তানদের ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করেছে বাংলাদেশ
ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট
কোম্পানির ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়া হয়েছে।
জাভেদ ছাড়াও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে শেখ হাসিনা সরকারের সাবেক
তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর। সোমবার (১২ আগস্ট)
সাবেক এ দুই মন্ত্রী ও তাদের পরিবারের ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়া হয়। বিএফআইইউ
থেকে দেশের সব ব্যাংকের শীর্ষ নির্বাহীর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
এর আগে রোববার (১১ আগস্ট) সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান
মাহমুদ, তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী
হিসাব জব্দ করার আদেশ দেয়া হয়।
আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত বিএফআইইউ থেকে পাঠানো চিঠিতে
বলা হয়, স্থগিত করা ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি
ও লেনদেন বিবরণী প্রভৃতি) তিন কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে। মানিলন্ডারিং
প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেয়া হয়।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী)
আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার স্ত্রী রুখমিলা জামান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের
(ইউসিবি) চেয়ারম্যান পদে রয়েছেন। সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ‘আরমিট গ্রুপ’ এর চেয়ারম্যান।
গত জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়,
যুক্তরাজ্যে তখনকার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের অন্তত ২৬০টি সম্পত্তি
রয়েছে। এসবের জন্য তিনি অন্তত ১৩৪ দশমিক ৭৬ মিলিয়ন পাউন্ড বা এক হাজার ৮৮৮ কোটি টাকা
পরিশোধ করেছেন। যুক্তরাজ্যে সম্পদের বিপরীতে আরো অন্তত ৫৩৭টি সম্পদ তিনি মর্টগেজ রেখেছেন।
যদিও নির্বাচন কমিশনে (ইসি) দেয়া হলফনামার সঙ্গে তিনি যে আয়কর রিটার্ন দিয়েছেন, সেখানে
তার কোনো বৈদেশিক আয় নেই বলে উল্লেখ করেন।










