আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে আরো ৩ বিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে বলে আশা করছে সরকার। এ বিষয়ে সংস্থাটিও ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এ সহায়তা পেতে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আজ রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান।

গত বৃহস্পতিবার বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দের সঙ্গে অনলাইনে বৈঠক করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বৈঠকে অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদারও অংশ নেন। এ বৈঠকের বিষয়ে জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বৃহস্পতিবারের বৈঠকে আইএমএফ জানতে চেয়েছিল যে ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত অনুসারে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের পরিকল্পনা করছে কিনা। এ বিষয়ে আমি তাদের আশ্বস্ত করেছি। বলেছি সংস্কারকাজ বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়েছে এবং আমরা ব্যর্থ হব না।

ওই বৈঠকে নতুন করে আরো ৩ বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাওয়ার বিষয়ে আইএমএফকে ইঙ্গিত দেয়া হয়েছে উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে আইএমএফ খুবই ইতিবাচক। আগামী অক্টোবরে ওয়াশিংটনে আইএমএফের পরিচালনা পর্ষদের সভায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে্ এ বিষয়ে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন। চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে আইএমএফের একটি মিশন আসার কথা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিষয়ে জানতে চাইলে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প চলবে। বাংলাদেশ রাশিয়ার কাছে ঋণ পরিশোধ শুরুর আগেই দুই বছর মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এ ব্যাপারে খুবই ইতিবাচক। তবে তিনি রূপপুর প্রকল্প অব্যাহত রাখা ও ঋণ পরিশোধ নিয়ে চিন্তিত। আমি তাকে আশ্বস্ত করেছি যে আমরা নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করব।