মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের গতি উল্লেখযোগ্যভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এতে ২০২৬ সালে লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ১২ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ পেতে পারে।
আজ সোমবার রাজধানীর পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক ও পিআরআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ উন্নয়ন হালনাগাদ: বিশেষ মনোযোগ—কর্মসংস্থান সৃষ্টিকারী ব্যবসায়িক পরিবেশ’ শীর্ষক প্রচার অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. ধ্রুব শর্মা। সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক সাপ্লাই চেইন ব্যাহত না হলে ২০২৬ সালে প্রায় ১৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠতে পারত। তবে বর্তমান পরিস্থিতিতে এ সংখ্যা কমে ৫ লাখে নেমে আসতে পারে। এতে আন্তর্জাতিক দারিদ্র্যসীমা অনুযায়ী দারিদ্র্যের হার ৮ শতাংশের পরিবর্তে ৮ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
এতে আরো বলা হয়, উচ্চ মূল্যস্ফীতি ও মানসম্মত কর্মসংস্থানের অভাবে গত এক বছরে প্রায় ১৪ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। বিশেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হেডলাইন মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশে পৌঁছানোয় নিম্নআয়ের মানুষের প্রকৃত মজুরি কমে গেছে, যা জীবনযাত্রার মানে চাপ সৃষ্টি করছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামষ্টিক অর্থনীতির ধীরগতির কারণে দেশের প্রবৃদ্ধি গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২০২৬ অর্থবছরে প্রবৃদ্ধির পূর্বাভাসও ৪ দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
বিশ্বব্যাংকের মতে, ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে দেশের নীতিগত সুরক্ষা ব্যবস্থা সীমিত। তবে স্মার্ট ডিরেগুলেশন, সমান সুযোগ নিশ্চিতকরণ, বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং এসএমই উৎপাদনশীলতা বাড়ানো গেলে কর্মসংস্থান ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত হতে পারে।
স্বাগত বক্তব্যে পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বলেন, কর্মসংস্থান সৃষ্টি এখন দেশের প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ। যুব বেকারত্ব প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে। তিনি বলেন, ১৯৯০ থেকে ২০২০ সালের মধ্যে রফতানিমুখী প্রবৃদ্ধি ও বাণিজ্য উদারীকরণের মাধ্যমে দারিদ্র্য ৬০ শতাংশ থেকে ১৮ দশমিক ৭ শতাংশে নেমে আসে, যা পুনরায় শক্তিশালী করা প্রয়োজন।
তিনি আরো বলেন, প্রবৃদ্ধি ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়, আর কর্মসংস্থান ছাড়া দারিদ্র্য হ্রাস টেকসই হয় না।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বাংলাদেশকে স্বল্পমূল্যের শ্রমনির্ভর মডেল থেকে সরে এসে বহুমুখী ও প্রতিযোগিতামূলক অর্থনীতির দিকে যেতে হবে। তিনি ব্যাংকিং খাতের দুর্বলতাকে বেসরকারি খাতে অর্থায়নের প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন।
এতে ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির, পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলম, মুখ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান অংশ নেন।










