জুলাই অভ্যুত্থানে নারীদের সাহসী ভূমিকা তুলে ধরে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই ডাকটিকিট অবমুক্ত করেন।
ডাকটিকিটের মূল প্রতিপাদ্য ছিল— জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সক্রিয় অংশগ্রহণ। এতে তুলে ধরা হয়েছে কিভাবে নারীরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
ডাক বিভাগ জানিয়েছে, দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস. এম. শাহাবুদ্দিন।
প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে সময় আন্দোলনকারীদের মধ্যে সাহস ও উদ্দীপনা ছড়িয়ে দেয় বিভিন্ন চিত্রকর্ম, কার্টুন, গ্রাফিতি ও প্রতিবাদী গান। মাত্র তিন সপ্তাহের মধ্যেই শত শত রাজনৈতিক কার্টুন ও চিত্রকর্ম তৈরি হয়, যা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে।










