নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের আরো দুই উপদেষ্টা গতকাল শপথ গ্রহণ করেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পাঠ করান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। গতকাল শপথ গ্রহণ করা দুই উপদেষ্টা হলেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ১৭ সদস্যের মধ্যে ১৩ জন শপথ নেন।
গতকাল শপথ নেয়া দুই উপদেষ্টাকে দপ্তর দেয়া হয়েছে। এর মধ্যে বিধান রঞ্জন রায় পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুপ্রদীপ চাকমা। ঢাকার বাইরে থাকায় ফারুক-ই আজম গতকাল পর্যন্ত শপথ নেননি।










