আওয়ামী লীগ সরকারের সাবেক ১৮ মন্ত্রী ও ৮ সংসদ সদস্যের (এমপি) দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বণিক বার্তাকে এ বিষয়টি নিশ্চিত করেন।

পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বণিক বার্তাকে বলেন, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। সে প্রেক্ষিতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার ওপর আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে নিষেধাজ্ঞা জারি করে আদেশ দেন। আগামী ৬০ দিন তারা দেশত্যাগ করতে পারবেন না। 

নিষেধাজ্ঞা পাওয়া মন্ত্রীরা হলেন— সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক প্রবাসী ও কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুল হক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক ধর্মবিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিষেধাজ্ঞা পাওয়া এমপিরা হলেন- সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ, কাজী নাবিল আহমেদ, শহিদুল ইসলাম বকুল, মেহের আফরোজ, এ কে এম সরওয়ার জাহান, শেখ আফিল উদ্দিন, আবু সাঈদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিন।