পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাসুদ বিন মোমেনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
মাসুদ বিন মোমেন বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।
২০২০ সালের জানুয়ারিতে তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর
তিনি বাংলাদেশের ২৬তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন। তার চাকরির বয়সসীমা শেষ হয়
২০২২ সালের ডিসেম্বরে। ওই মাসে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল তার। আওয়ামী লীগ সরকার
২০২২ সালের নভেম্বরে চুক্তিতে আরো দুই বছর তাকে একই পদে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। দুই
বছরের জন্য তাকে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল
জনপ্রশাসন মন্ত্রণালয়।
পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের আগে মাসুদ বিন মোমেন ২০১৫ সাল থেকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ইতালিতে রাষ্ট্রদূত এবং খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।










