পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আন্তর্জাতিক নদী, বন ও জলাভূমি রক্ষায় দেশগুলোকে একত্রে কাজ করতে হবে। পরিবেশগত ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তন ও দূষণের জন্য দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণের আওতায় আনতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় আমাদের প্রকৃতিকেন্দ্রিক হতে হবে এবং প্রকৃতির অধিকার নিয়ে কথা বলতে হবে।’

গতকাল থাইল্যান্ডের ব্যাংককে ‘রিইমাজিনিং কনজারভেশন ইন এশিয়া: আ নেচার পজিটিভ ফিউচার’ প্রতিপাদ্যে অষ্টম আইইউসিএন রিজিওনাল কনজারভেশন ফোরামে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন। কনফারেন্সে আইইউসিএন আগামী ২০ বছরের ভিশন ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘উন্নয়ন ও পরিবেশের বিরোধিতার ধারণা সঠিক নয়। আইইউসিএন উপস্থাপিত ভিশন অর্জন হলে এটি প্রমাণিত হবে।’ তিনি ২০ বছরের ভিশনকে নিয়মিত আপডেট করার প্রস্তাব করেন এবং সব পরিকল্পনায় যুবকদের অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন।