ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম তদারকির জন্য বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে দশ অঞ্চলে দশটি টিম গঠন করা হয়েছে। টিমগুলো মশক নিধন কার্যক্রম চলাকালীন সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে দশটি অঞ্চলের আওতাধীন ওয়ার্ডসমূহে মশক নিধন কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে।

এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে গৃহীত কার্যক্রম মনিটর করার জন্য বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে অঞ্চলভিত্তিক পরিদর্শন টিম গঠন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং আকস্মিক ঝড় বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ কার্যক্রম তদারকির লক্ষে দশটি অঞ্চলের জন্য ৫টি টিম গঠন করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।