দেশের অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিত করতে রাইস ব্রান তেল রফতানিতে ২৫ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে ভোজ্যতেলের বড় অংশ আমদানির ওপর নির্ভরশীল। দেশের বাজারে চাহিদা মেটাতে মূলত অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি করে পরিশোধন করা হয়। তবে প্রতি বছর দেশে প্রায় ১.২-১.৫ লাখ টন রাইস ব্রান তেল (পরিশোধিত/অপরিশোধিত) উৎপাদিত হলেও এর সিংহভাগ প্রতিবেশী দেশে রফতানি হয়ে যায়। অথচ এই তেল দেশের ভোজ্যতেলের মোট চাহিদার ২৫-৩০ শতাংশ পর্যন্ত মেটাতে সক্ষম।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে দেশে উৎপাদিত রাইস ব্রান তেল স্থানীয়ভাবে সরবরাহ নিশ্চিত করা জরুরি বলে মনে করছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সুপারিশের ভিত্তিতে রফতানি নিরুৎসাহিত করতে এনবিআর এ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে।










