ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৭ ফ্লাইট মাঝ আকাশে প্রযুক্তিগত সমস্যার কারণে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পাইলট এ সিদ্ধান্ত নেন।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮:৫৩ মিনিটে ৩৯৫ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৭ ফ্লাইট। তবে রাত ১০টা ৪৫ মিনিটে উড়োজাহাজের ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পেয়ে নিকটবর্তী ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।
নাগপুর বিমানবন্দরে অবতরণের পর সব যাত্রীকে যথাযথ সহযোগিতা প্রদান করা হয়। যাত্রীদের নিরাপত্তা ও সেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে আজ সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ নাগপুরের উদ্দেশে রওনা দেয় এবং দুপুর ১২টা ৩৯ মিনিটে সেখানে পৌঁছায়। পরে অপেক্ষমান যাত্রীদের নিয়ে ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে।









