বাংলাদেশ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল সায়েন্সেসের আয়োজনে ঢাকা-নর্থ আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আইইউবির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নওরীন আহসান এবং অধ্যাপক ড. খন্দকার সাদাত হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ডিন ড. হাবীব বীন মুজাফফার, ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল সায়েন্সেসের বিভাগীয় প্রধান ড. ফরহাদ আলম, আমন্ত্রিত অতিথি ও অন্যান্য শিক্ষকরা।

উপাচার্য অধ্যাপক ম তামিম তার বক্তব্যে পদার্থবিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবারের প্রতিযোগিতায় তিন শতাধিক স্কুল ও কলেজের এক হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। চারটি শ্রেণীতে প্রায় ৩৫০ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। —বিজ্ঞপ্তি