কম্পিউটারে বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার ‘অভ্র’ কিবোর্ডের সহ-প্রতিষ্ঠাতা রিফাত নবীকে সংবর্ধনা দিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। সম্প্রতি একুশে পদক অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ তার সম্মানে এ আয়োজন করে।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক।

সংবর্ধনা অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রিফাত নবীকে সম্মাননা স্মারক হিসেবে একটি ল্যাপটপ কম্পিউটার উপহার দেয়া হয়।

রিফাত নবী তার বক্তব্যে বলেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই প্রোগ্রামিংয়ের প্রতি তার আগ্রহ তৈরি হয়। সে আগ্রহ থেকেই ‘অভ্র’ কিবোর্ড উন্নয়নে কাজ শুরু করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে কখন কোন দক্ষতা কাজে লাগবে, তা আগে থেকে বলা যায় না। তাই যার প্রতি আগ্রহ রয়েছে, সে বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা অর্জন করা উচিত।

প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, রিফাত নবীর এ অর্জন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। তিনি বলেন, ‘অভ্র’ দলের প্রধান মেহেদি হাসান একা পদক গ্রহণ না করে পুরো দলকে নিয়ে একুশে পদক গ্রহণ করেছেন। এটি শুধু পেশাদারত্ব নয়, নৈতিকতারও উদাহরণ। সবারই উচিত এমন নৈতিকতার সঙ্গে বেড়ে ওঠা।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আনিসুর রহমান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মাহিন ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি