নিউইয়র্কে আগামী ১৯ ও ২০ এপ্রিল দুই দিনব্যাপী চতুর্থ রেমিট্যান্স ফেয়ার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে আমেরিকায় রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর এ মেলা উদ্বোধন করেছেন। এছাড়াও ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের পরিচালক মনোয়ার উদ্দীন আহমেদও মেলায় উপস্থিত থাকবেন।

বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনেস লিংক যৌথভাবে এই মেলার আয়োজন করছে। দেশের দুটি বড় ব্যবসায়ী সংগঠন - বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও আনুষ্ঠানিকভাবে এ মেলায় যুক্ত হয়েছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের মেলার মূল প্রতিপাদ্য হলো— ‘বৈধ পথে রেমিট্যান্স, উন্নত বাংলাদেশ’। বৈধ পথে রেমিট্যান্স এলে দেশের রিজার্ভ যেমন স্থিতিশীল থাকবে, তেমনি উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে।

এ অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এদের মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভেলপার, মানি এক্সচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার। এ প্রতিষ্ঠানগুলো মেলায় তাদের পণ্য ও সেবার প্রদর্শনী করবে। একই সঙ্গে এ নিয়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, প্রশ্নোত্তর পর্ব ও নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হবে। মেলায় রেমিট্যান্স ফেয়ার ও অফশোর ব্যাংকিং নিয়ে আয়োজক কমিটি একটি বিশেষ প্রকাশনাও করছে, যেখানে খ্যাতিমান অর্থনীতিবিদ, অধ্যাপক ও ব্যাংকাররা লিখছেন।

সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আবদুল হাই সরকার, ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, এক্সিম ব্যাংক পিএলসির চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, এনবিআর ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক তারেক রেজা খানও আনুষ্ঠানিকভাবে মেলায় যোগ দেয়া নিশ্চিত করেছেন।

নিউ ইয়র্ক ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রধান মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলো নেটওয়ার্কিং সেশনে অংশ নেবে, যার মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং রেমিট্যান্স খাতের সর্বশেষ উদ্ভাবনগুলো এখানে প্রদর্শিত হবে।

আগের আয়োজনগুলোতে দেশের বড় ব্যাংক, মানি এক্সচেঞ্জ কোম্পানি ও রেমিট্যান্স চ্যানেল পার্টনার অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি।

২০২৪ সালের মেলায় ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া পিএলসি সর্বোচ্চ রেমিট্যান্স সরবরাহকারী হিসেবে পুরস্কার পায়। এছাড়া বিএ এক্সপ্রেস, সানম্যান এক্সপ্রেস ও স্ট্যান্ডার্ড এক্সপ্রেস সর্বোচ্চ রেমিট্যান্স পার্টনার চ্যানেল হিসেবে পুরস্কার লাভ করে।

২০২৫ সালের রেমিট্যান্স ফেয়ারে দৈনিক বণিক বার্তা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টেলিভিশন চ্যানেল একাত্তর ও নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন২৪ ও সাপ্তাহিক ঠিকানা মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। বণিক বার্তা রেমিট্যান্স ফেয়ার উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। অর্থনীতি বিষয়ক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও সাপ্তাহিক ‘ঠিকানা’-ও মেলা উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এছাড়া একাত্তর টিভি ও নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন২৪ রেমিট্যান্স ফেয়ারের ওপর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। —বিজ্ঞপ্তি