ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসিতে রোববার ভোরে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি)। খবর এনডিটিভি।

বিএনপিবির তথ্যানুযায়ী, স্থানীয় সময় ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। মূলত সুলাওয়েসির পোসো অঞ্চলে এটি সবচেয়ে বেশি আঘাত হানে। কাছাকাছি বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ এর ওপর অবস্থিত। এটি একটি ভূমিকম্পপ্রবণ এলাকা, যেখানে ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয়ে প্রচুর পরিমাণে ভূমিকম্পের সৃষ্টি করে।