স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে ৬৮ জন নিহত হয়েছে। দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে ৫৪৪ যাত্রী ভ্রমণ করছিল। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল সকালে কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিয়ায় যাচ্ছিল। খবর রয়টার্স।
আঞ্চলিক সরকারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্রেন দুটি একই লাইনে চলছিল। এর মধ্যে একটি ট্রেন আরেকটি ট্রেনকে অত্যন্ত দ্রুতগতিতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাস্থলে পুলিশ, অগ্নিনির্বাপণ কর্মী, অ্যাম্বুলেন্স ও সিভিল গার্ডের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পাশাপাশি দুর্ঘটনাস্থলে স্পেনের সামরিক জরুরি সেবার প্রায় ১০০ সদস্যকে মোতায়েন করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ ব্যক্তির স্বজনদের সহায়তা দিতে চারটি বুথ চালু করেছে স্পেনের সিভিল গার্ড ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কার্যালয়গুলো মাদ্রিদ, আন্দালুসিয়া, কর্দোবা ও তোলেদোতে স্থাপন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের পরিচয় দ্রুত শনাক্ত করতে তাদের নিকটাত্মীয়রা ডিএনএ নমুনা দিতে পারবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেললাইনের ওপর ও আশপাশে দুটি ট্রেনের ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। আতঙ্কিত যাত্রীরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছে।
এদিকে দুর্ঘটনার পর মাদ্রিদে একটি সম্মেলন বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। উদ্ধারকাজ তদারকিতে যাওয়ার কথা রয়েছে তার। একই সঙ্গে নির্বাচনী প্রচারের সব কার্যক্রম স্থগিত করেছে তার দল।
চলতি বছর দেশটিতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটল। এর আগে জানুয়ারিতে দক্ষিণাঞ্চলীয় আদামুজ গ্রামের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়।










