তরুণ প্রজন্মের প্রবল বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী ও দলীয় নেতাকর্মীদের বাসভবন লক্ষ্য করে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ পরিস্থিতিতে বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বলেন্দ্র শাহ বালেন।
মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি লিখেন, ‘চলমান আন্দোলন সম্পূর্ণরূপে ‘জেনারেশন জেড আন্দোলন’। সরকারের পদত্যাগের মাধ্যমে আপনাদের দাবি পূরণ হয়েছে। এখন সংযত থাকার সময়।’
তিনি সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি রোধ না করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে নিজের পোস্টে বালেন লিখেছেন, দেশের সম্পদের ক্ষতি মানে প্রকৃতপক্ষে আমাদের নিজের সম্পদের ক্ষতি। এখন আমাদের সবার সংযম বজায় রাখা অপরিহার্য।
তরুণ প্রজন্মকে নেপালের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন মেয়র। দেশের আগামীর নেতৃত্বে গঠনমূলকভাবে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন। সেনাপ্রধানের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। শর্ত হিসেবে বলেন, ‘সংলাপ শুধুমাত্র সংসদ ভেঙে দেয়ার পরই হওয়া উচিত।’















