নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের খবরে আনন্দ মিছিল করছেন দেশটির জনগন। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় নেমে এসেছেন সর্বস্তরের মানুষ।

এরই মধ্যে রাজধানী কাঠমান্ডু উপত্যকার ভৈসেপাটিতে মন্ত্রীদের বাসভবন লক্ষ্য করে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রীদের হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ ভবন রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উচ্চপদস্থ মন্ত্রী ও কর্মকর্তাদের সেনা ব্যারাকে বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছে।

এদিকে কাঠমান্ডুর ফেডারেল পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করেছে বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সংসদ ভবনের বিভিন্ন অংশে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় দুর্নীতি ও কুশাসনের বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন তারা।

এছাড়া সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির ব্যক্তিগত বাসভবনেও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। মঙ্গলবার সকালেই রাজধানীর উপকণ্ঠ বলকোটে অবস্থিত ওই বাড়িতে আগুন দেয়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।