মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিতর্কিত শুল্ক নীতির পক্ষে সাময়িক জয় পেয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট আপিল আদালত এ সংক্রান্ত আগের রায় স্থগিত করে ট্রাম্প ঘোষিত আমদানি শুল্ক নীতি সাময়িকভাবে বহাল রাখার নির্দেশ দিয়েছেন।

বুধবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক মাত্রায় শুল্ক আরোপের ক্ষমতা খারিজ করে রায় দিয়েছিলেন আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালত (কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড)। সেদিন আদালত জানান, জাতীয় জরুরি অবস্থার অজুহাতে আমদানি পণ্যে শুল্ক বসানো আইনের সীমা অতিক্রম করেছে ট্রাম্প প্রশাসন।

শুল্ক আদায়ে আপোসের নীতির মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য কাঠামো নতুন করে সাজানোর চেষ্টা করছেন ট্রাম্প। তবে বন্ধুত্বপূর্ণ দেশ ও প্রতিদ্বন্দ্বীদের ওপর একের পর এক শুল্ক আরোপের ফলে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবারের আদালতের রায়ে হোয়াইট হাউসকে ১০ দিনের মধ্যে বিতর্কিত শুল্ক বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার আপিল আদালত রায়ে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টে জারি করে শুল্কগুলো সাময়িকভাবে বহাল রাখে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ রায়কে "বেপরোয়া বিচারিক ক্ষমতার অপব্যবহার" বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টকে অবশ্যই এই চ্যালেঞ্জের অবসান ঘটাতে হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এবং মাদক পাচারকে ‘জাতীয় জরুরি অবস্থা’ উল্লেখ করে একাধিক দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের রায়ে এসব সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়।

এপ্রিল মাসে ট্রাম্প প্রায় সব বাণিজ্যিক অংশীদারদের ওপর ১০ শতাংশ শুল্ক এবং কিছু দেশের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক ঘোষণা করেন। এগুলোর বেশিরভাগই বুধবারের রায়ে বাতিল হয়, তবে আমদানি করা গাড়ি, স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক বহাল ছিল।